শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দলের কোনো প্রার্থী জয় না পেলেও নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট জমিয়ত

কিছু অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও সার্বিক বিবেচনায় নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নির্বাচন মনিটরিং সেল জানিয়েছে, নির্বাচনী পরিবেশে গোলযোগের ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাশাপাশি তারা দ্রুত গেজেট প্রকাশ করে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের সব ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী এক প্রতিক্রিয়ায় জমিয়তের নির্বাচন মনিটরিং সেল এ কথা জানায়।

নেতৃবৃন্দ বলেন, “ব্যাপক টাকার ছড়াছড়ি, জাল ব্যালট পেপার তৈরি ও ব্যালট বাক্স ছিনতাই এবং গোলযোগের ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

তারা বলেন, বিগত পনেরো বছর ধরে জনগণ ন্যায্য ভোটাধিকারসহ নানা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও সীমাহীন জুলুম-নির্যাতন পোহানোর পর বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে অনুষ্ঠিত এই নির্বাচন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে বলে তারা মনে করেন।

নেতৃবৃন্দ বলেন, “একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য জমিয়ত পরিবারের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।” একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, যুগ্ম আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান, মনিটরিং সেলের সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ