spot_img

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে শুভেচ্ছা আয়োজন নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজনের প্রয়োজন নেই।

শুক্রবার (১৩ মার্চ) চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী মিলন বলেন, তাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। তার জন্য কোনো ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো তার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না।

তিনি আরও বলেন, তিনি যেখানে যাবেন, সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে তা গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের কষ্ট দিয়ে সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজনের কোনো প্রয়োজন নেই।

শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, শিক্ষার্থীদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে না থাকে। তাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। তিনি নিজেই স্কুলে স্কুলে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন।

এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ