পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ দেড়’শ বছর পুরোনো। তারা সব সময় অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা সেই দায়িত্ব পালন করবো।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রংপুর পুলিশ লাইনস মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আশা করছি পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে অতীতের মতো মানুষ অংশগ্রহণ করবে।
আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা সেই আলোকে দায়িত্ব পালন করে চলেছি। একসময় দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন এলাকা ছেড়ে চলে গিয়েছিল। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে বর্তমানে মানুষ নিরাপদ রয়েছে।











