spot_img
spot_img

বাংলাদেশের স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সুসম্পর্ককে আরও শক্তিশালী করতে সংসদীয় কূটনীতির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার মধ্যে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এই গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বৈঠক করেন তারা।

এই বৈঠকে দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠে। ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনীত করার ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীর প্রতি সহযোগিতামূলক ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ।

স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদারে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে।

বৈঠকে ভারত–বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।

এ সময় হাইকমিশনার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ