spot_img
spot_img

হজ্বের খরচ সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজ্বের খরচ সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, প্রথমবারের মতো হাজিরা দেশ থেকেই প্রি-অ্যারাইভাল নুসুক কার্ড পাচ্ছেন। এটি হজ্ব ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করার একটি বড় পদক্ষেপ। সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো হজ্বকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রবাসী-বান্ধব হিসেবে গড়ে তোলা। ধর্মপ্রাণ নাগরিকদের জন্য হজ্বসেবা আরও সহজ করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ধারণ করে তা কার্যকর করাই সরকারের অগ্রাধিকার। বিশেষ করে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজ্বের খরচ কীভাবে কমানো যায় এবং সাধারণ মানুষের নাগালে কীভাবে আনা যায়, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পল্টনে একটি হোটেলে বাংলাদেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ্ব ব্যবস্থাপনায় বিদ্যমান ও ক্রমবর্ধমান সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আন্তর্জাতিক অংশীদারত্ব ভবিষ্যতেও হাজিদের সেবার মান আরও উন্নত করবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু হজ্ব ব্যবস্থাপনা পরিচালনা করা নয়; বরং এটি যেন একটি স্মার্ট, সুশাসিত এবং পিলগ্রিম-সেন্ট্রিক, সার্ভিস-ওরিয়েন্টেড সিস্টেমে পরিণত হয়। সেই সিস্টেমের মাধ্যমে এমন একটি ইকোসিস্টেম তৈরি হবে, যেখানে হাজিরা সুন্দর পরিবেশে হজ্ব পালন করতে পারবেন এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এটাই সরকারের মূল লক্ষ্য।

মাহদী আমিন আরও বলেন, আসন্ন হজ্ব মৌসুমকে কীভাবে আরও আধুনিক, সময়োপযোগী এবং হাজিবান্ধব করা যায়, সে বিষয়ে সরকার ইনশাআল্লাহ কার্যক্রম অব্যাহত রাখবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ