বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী ট্রানজিট চুক্তি বাতিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে আগামী শুক্রবার (১৯ মে) বাদ জুম‘আ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী দেশবাসীকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
মাওলানা নূরপুরী বলেন, সরকার সাধারণ মানুষের দিকে কোনো দৃষ্টিপাত করছে না। মানুষ জীবন পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। চাল, ডাল, তেলসহ সকল পণ্যের দাম আকাশচুম্বী যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। ব্যবসায়ীদের একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে জিনিস পত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের সনাক্ত করে কঠোর প্রদক্ষেপ এবং বিদ্যুতের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।










