তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে সাক্ষাত করলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হজ্ব ও ওয়াকফ মন্ত্রী মুফতি নূর মুহাম্মদ সাকিব ও তার নেতৃত্বাধীন ওলামা প্রতিনিধি দল।
সোমবার (১৩ মে) এক এক্স (টুইটার) বার্তায় একথা জানান সরকার মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, ইস্তাম্বুলে আজ মুসলিম বিশ্বের স্কলার বা ওলামাদের বৈঠক ও পরামর্শ সভা শুরু হয়। বৈঠকের ফাঁকে তুর্কি প্রেসিডেন্টের সাথে পৃথকভাবে সাক্ষাত করে হজ্ব ও ওয়াকফ মন্ত্রী মুফতি নূর মুহাম্মদ সাকিব ও তার নেতৃত্বাধীন ওলামা প্রতিনিধি দল।
প্রেসিডেন্টের সাথে সাক্ষাতকালে মুফতি নূর মুহাম্মদ সাকিব বিশ্বের সকল আলেম-ওলামাদের নিয়ে পরামর্শ সভা আয়োজনের জন্য এরদোগানকে ধন্যবাদ জানান। আফগানিস্তান তাদের ভাতৃপ্রতিম দেশ তুরস্কের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে ও সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে উল্লেখ করেন।
এছাড়া মুসলিম উম্মাহর সংকট সমাধানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবিষয়ে তিনি বলেন, মুসলিম বিশ্ব, বিশেষত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান চায় যে, মুসলিম উম্মাহর সংকট ও সমস্যা সমাধানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় এরদোগান পরামর্শ সভায় যোগ দেওয়ায় আফগান ওলামা প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুসলিম উম্মাহর কল্যাণ ও সংকট নিরসনে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন। আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতায় তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। বর্তমান আফগান পরিস্থিতির উপর সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, তুরস্কের ধর্মমন্ত্রী ড. আলি এরবাশের আমন্ত্রণে শনিবার (১১ মে) তুরস্কে গিয়ে পৌঁছে আফগান হজ্ব ও ওয়াকফ মন্ত্রীর নেতৃত্বাধীন ইসলামিক স্কলার বা আলেম-ওলামাদের একটি প্রতিনিধি দল।
মুসলিম উম্মাহ, বিশ্ব মানবতা ও ইসলামিক স্কলার বা আলেম-ওলামাগণ বর্তমান বিশ্বে যেসব হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবিলার পথ খুঁজে পেতে এই পরামর্শ সভার আয়োজন করা হয়। ইসলাম ও বাস্তবতার নিরিখে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম বিশ্বের আলেম-ওলামাগণ সভায় তাদের সুচিন্তিত মতামত তুলে ধরার কথা রয়েছে।
এছাড়া বর্তমান সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির উপর এবং ৪ মাযহাবের সমন্বিত বিষয়গুলোতে একক অবস্থান প্রতিষ্ঠিত করার উপর জোর দেওয়া হবে।











