পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, দেশের ২৪টি জেলার নদীতে পানি সরবরাহ ঠিক রাখতে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়।
বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সাত বছর মেয়াদে নির্মাণ হতে যাওয়া পদ্মা ব্যারেজে খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। যার সম্পূর্ণ অর্থ আসবে সরকারের কোষাগার থেকে।
তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে নির্মিত অভিশপ্ত ফারাক্কা বাঁধ। ১৯৭৫ সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্ত পানির স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে আরও একটি বাঁধ করার উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা পদ্মা ব্যারেজ বাস্তবায়নে অনুমোদন এসেছে একনেক সভায়।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ দিয়ে বর্ষার পানি, প্লাবনের পানি রিজার্ভ করা হবে। যা দিয়ে ২৪ জেলার সাত কোটি মানুষ সারা বছর কৃষি সুবিধা পাবেন। লবণাক্ততা কমবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে।
মন্ত্রী বলেন, ২০২৬ সালে শুরু হওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প শেষ হবে ২০৩৩ সালে। সরকারের কোষাগার থেকে প্রতি বছর ৫ হাজার কোটি টাকা করে বরাদ্দ পাবে পদ্মা ব্যারেজ প্রকল্প।











