ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শতবর্ষী আলেম ফক্বীহ ওয়ালিউল হক সিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১২ জুন) দেশটির রাজধানী কাবুলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।
ফক্বীহ ওয়ালিউল হক সিদ্দিকী ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রা. এর বংশধর ছিলেন। তিনি শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানি রহ. এর শিষ্য ছিলেন।
তিনি ১৯২৫ সনে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের সারখুরদ জেলার নাজারাবাদ গ্রামে এক প্রসিদ্ধ আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুফতী আব্দুল হক সিদ্দিকী ছিলেন দেশটির বিশিষ্ট আলেমে দ্বীন, দাদা আল্লামা কাজী সাহেব গুল ও পরদাদা কাজী আহমদ গুল সিদ্দিকী ছিলেন বিচারপতি।
তাঁর পরিবারের সকলেই আফগানিস্তানের প্রসিদ্ধ ও প্রভাবশালী আলেম ছিলেন। অধিকাংশ জনই রাষ্ট্রের কাজী বা বিচারপতি পদে দায়িত্ব পালন করেছিলেন।
ফক্বীহ ওয়ালিউল হক তাঁর সময়কার বিখ্যাত ভারতীয় ও আফগান আলেমদের কাছ থেকে দ্বীনি শিক্ষা অর্জন করেছিলেন।
তাঁর উল্লেখযোগ্য উস্তাদদের মধ্যে আছেন, শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী, আরবি ভাষার বিখ্যাত ভারতীয় পণ্ডিত শাইখুল আদব আল্লামা এজাজ আলী, বিশিষ্ট ফক্বিহ আল্লামা ইবরাহীম বলিয়াভী, বিশিষ্ট মুহাদ্দিস ও ফকিহ আল্লামা সাইয়েদ ফখরুল হাসান, দারুল উলূম দেওবন্দের সাবেক মুহতামিম আল্লামা কারী মুহাম্মাদ তৈয়ব, আফগানের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন স্বীয় চাচা আল্লামা আব্দুল খালেক সিদ্দিকী, বিশিষ্ট ফকিহ আল্লামা গোলাম মহিউদ্দিন, বিশিষ্ট আরবী পণ্ডিত ও সরফবিদ আল্লামা গুল, আল্লামা আকরাম উদ্দিন, পাক-আফগানের বিখ্যাত আরবি নাহু ও সরফ শাস্ত্রবিদ আল্লামা বাজুরী রহিমাহুমুল্লাহ প্রমুখ।











