বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা করলে কারোর নিস্তার নেই। কোনেও পেশার মানুষই ক্ষমতাসীনদের কাছে নিরাপদ নয়। দেশে এখন এক দলীয় শাসনের চূড়ান্ত অবস্থা।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, একদলীয় ফ্যাসিবাদী শাসনে বিরোধীদলের নেতা-কর্মীদের টিকে থাকা কঠিন হয়ে দাড়িয়েছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কব্জায় নিয়ে বিরোধীদের সাজা দেওয়া হচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী।
রিজভী আরও বলেন, সরকার দেশের অর্থনৈতিক কাঠামো নষ্ট করে দিয়েছে। গুম, খুন আর বিচারবহির্ভূত হত্যা থেকে কেউ রেহাই পাচ্ছে না। আওয়ামী শাসকগোষ্ঠী আজ খ্যাপা ঐরাবতে পরিণত হয়েছে।
তিনি বলেন, হুমকি-ধামকি দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে না আসবে ততদিন পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যহত থাকবে।










