আমেরিকার একটি যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগর থেকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে চীনের সামরিক বাহিনী।
সোমবার (১২ জুলাই) চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে এ দাবি করে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস বেনফোল্ড’ পার্সেল দীপপুঞ্জের পানি সীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল। সেখানে প্রবেশের জন্য চীন সরকারের কোনো অনুমতি নেয়নি আমেরিকা। মার্কিন যুদ্ধজাহাজ চীনের পানিসীমা লঙ্ঘন করেছে।
চীনা কর্তৃপক্ষ জানায়, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা সরাসরি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
এদিকে, মার্কিন নৌবাহিনীর সপ্তম বহর এক বিবৃতিতে চীনের দাবি প্রত্যাখ্যান করে জানায়, চীনের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন। মার্কিন জাহাজ চীনের পানিসীমা নয় বরং আন্তর্জাতিক পানিসীমা অতিক্রম করেছে।
আমেরিকা আন্তর্জাতিক পানিসীমায় জাহাজ পরিচালনা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র : পার্সটুডে












