আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান সঙ্গে মার্কিনপন্থী আফগান সরকারি সেনাদের তুমুল লড়াই চলছে।
কুন্দুজ বিমানবন্দরে হামলা চালিয়ে আফগান বাহিনীকে দেওয়া দুটি মার্কিন ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার সোমবার ভূপাতিত করার দাবি করেছেন তালেবান।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় বলেছেন, ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা ছাড়াও আফগান অনেক সেনাকে হত্যা করেছেন তালেবান।
ড্রোন থেকে তোলা ভিডিও ফুটেজও পোস্ট করেছেন আফগান মুখপাত্র, যাতে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান।
যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, কুন্দুজ নগরীর শহরতলিতে সরকারি সেনারা তালেবান হামলা প্রতিহত করার জন্য গোলাগুলি চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অবস্থানের বিরুদ্ধে হামলা শক্তিশালী করেছে তালেবান।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন











