শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কোনো কমিশন মানুষের মনের কথা বুঝবে না, দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ঢাকা শহরে ১০ জনে বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না।” এখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির সংস্কার না হলে তার কোনো সুফল মিলবে না। কোনো কমিশন মানুষের মনের কথা বুঝবে না। সুতরাং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

রোববার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের এলজিইডি ভবন মিলনায়তনে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রয়াত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে বিরাট পরিবর্তন হয়েছে। সেটা ধারণ করতে না পারলে কোনো দল রাজনীতি করতে পারবে না। আমরাও যদি ধারণ করতে না পারি তাহলে সামনে পথ চলা কঠিন হবে। অনেকেই জিয়াউর রহমানের ছবি পদদলিত করেছে। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এখন আমাদের সহনশীল রাজনীতি করতে হবে। কারও বক্তব্যে দ্বিমত পোষণ করলেও সম্মান দেখাতে হবে।

আবদুল্লাহ আল নোমানের অবদান স্মরণ করে আমীর খসরু বলেন, চট্টগ্রাম থেকে নোমান ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে। পরবর্তীতে তিনি জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন। সুসময়ে-দুঃসময়ে কর্মীদের পাশে থেকেছেন। ভয়কে উপেক্ষা করে আন্দোলনের মাঠে ছিলেন। সবশেষ দুঃসাহসের সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন। নোমান ভাইদের মতো কর্মী বান্ধব নেতা বর্তমানে কমে গেছে।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ