ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এক বিস্ফোরক ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ইউরোপের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার ছবি ও নাম প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
তেহরানের শাসনব্যবস্থার অত্যন্ত ঘনিষ্ঠ ‘হামশাহরি’ পত্রিকার অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে এই ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। এতে ১৩ জন বিদেশি নেতার ছবি প্রদর্শন করা হয়েছে।
এর আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ নেওয়া পুরো জাতির ইচ্ছা এবং তা বাস্তবায়ন করা হবে।
প্রকাশিত তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাম রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ইউরোপীয় নেতাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এই তালিকাটি ইরানের শীর্ষ নীতি-নির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, তা স্পষ্ট নয়। এএফপির তথ্য অনুযায়ী, ইনফোগ্রাফিকটি কেবল অনলাইনে প্রকাশিত হয়েছে এবং পত্রিকার প্রিন্ট সংস্করণে তা রাখা হয়নি।
এদিকে, ইরানের অভিযোগ সাম্প্রতিক সংঘাতে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে, যা তাদের এই যুদ্ধে অংশীদার করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য ও তালিকা প্রকাশের ফলে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।










