spot_img
spot_imgspot_img

সিরিয়ায় বাড়ছে ইসরাইলী বাহিনীর অবৈধ অনুপ্রবেশ

সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় গ্রামাঞ্চলে নতুন করে স্থল অনুপ্রবেশ ও গোলাবর্ষণ চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেইত জিন শহরের আশপাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা আরবি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে আল জাজিরা জানায়, ইসরাইলি বাহিনী বেইত জিনের কাছে আইন আশ-শারা এলাকায় একটি কামানের গোলা নিক্ষেপ করে। গোলাটি একটি কৃষিজমিতে গিয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে, একই সময়ে বেইত জিনের কৃষিজমির ভেতরে বড় ধরনের স্থল অনুপ্রবেশ চালায় ইসরাইলি বাহিনী। এ অভিযানে ১০টির বেশি সামরিক যান, দুটি ট্যাংক ও একটি বুলডোজার অংশ নেয়।

আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি বাহিনীর এ ধরনের অনুপ্রবেশ সাম্প্রতিক সময়ে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিভিন্ন এলাকায় স্থল অভিযান, তল্লাশি, সামরিক চৌকি স্থাপন ও গোলাবর্ষণের ঘটনাও ঘটছে।

২০২৪ সালের ডিসেম্বরে গণহত্যাকারী বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক তৎপরতা আরও বাড়ায় দখলদার ইসরাইল। এরপর জাতিসংঘ পর্যবেক্ষিত বাফার জোনের পাশাপাশি সিরিয়ার আরও কয়েকটি এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি বিস্তৃত করে তারা।

বেইত জিন এলাকাটিও এর আগে একাধিকবার ইসরাইলি হামলা ও অনুপ্রবেশের শিকার হয়েছে। আগস্টের শেষ দিকে এলাকাটির কাছে একটি কৌশলগত পাহাড়ে গোলাবর্ষণ চালায় ইসরাইলি বাহিনী। এর আগে বেইত জিনের কাছে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় একজন আহত হন।
দামেস্ক থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাবাল আশ-শাইখের কাছে বেইত জিনের অবস্থান।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ