spot_img
spot_imgspot_img

শুধু ইন্ডিয়া ইন্ডিয়া না করে সাংবাদিকদের দেশ নিয়ে চিন্তা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতকে ঘিরে বারবার প্রশ্ন করার প্রবণতার সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের নিজের দেশের বিষয় ও স্বার্থের দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খাবারের উদাহরণ টেনে তিনি বলেন, সারাক্ষণ ইন্ডিয়া নিয়ে পড়ে না থেকে নিজের দেশের চিন্তা করতে হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘ব্রেকফাস্ট খাইতে ইন্ডিয়া, লাঞ্চ খাইতে ইন্ডিয়া, ডিনার খাইতে ইন্ডিয়া। তাহলে ভাই আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবে? খালি ইন্ডিয়া ইন্ডিয়া করে, নিজের দেশের চিন্তা করেন।’

এর আগে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশ ভালো ও কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও প্রয়োজনকে সামনে রেখেই এগিয়ে নিতে চায় সরকার।

তিনি বলেন, বিগত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় কোনো সম্মেলনের ফাঁকে সফরের চেয়ে একটি স্বতন্ত্র দ্বিপক্ষীয় সফর বেশি কার্যকর হবে। অনুকূল পরিবেশ তৈরি হলে এমন সফর হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ