আফগানিস্তানের কর্তৃপক্ষ হিসেবে তালেবানের নেতৃত্বাধীন সরকারের সাথে বিশ্বকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কাতার।
মঙ্গলবার (১২ অক্টোবর) দোহার গ্লোবাল সিকিউরিটি ফোরামে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত মুতলাক আল কাহতানি তার দেশের পক্ষ থেকে এ আহ্বান জানান।
তিনি বলেন, অন্য দেশগুলোকে আফগানিস্তানের কর্তৃপক্ষ হিসেবে তালেবান সরকারের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে হবে। একইসঙ্গে তালেবানকেও প্রশাসন পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। নারীদের কাজের সুযোগ এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারকে সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে কাবুলের নতুন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং মানবিক সংকট মোকাবিলার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি-ও সম্প্রতি তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে একঘরে না করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমরা তালেবানদের দেখানোর চেষ্টা করছি অন্যান্য মুসলিম দেশ কীভাবে সরকার পরিচালনা করে এবং কিভাবে তারা নারীদের সমস্যাগুলো মোকাবিলা করছে।











