spot_img
spot_img

বাংলাদেশে ঢুকে বৃদ্ধ কৃষককে পিটিয়ে দুই হাত ভেঙে দিলো বিএসএফ

বাংলাদেশে ঢুকে বৃদ্ধ কৃষককে পিটিয়ে গুরুতর জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা। আহত কৃষকের নাম এসলাম আলী (৭০)।

গতকাল বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মনাকষা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম বলেন, এ ঘটনার পর সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন পার করছেন। এর আগেও বিএসএফ সদস্যরা প্রায়ই বাংলাদেশে ঢুকে কৃষকদের নির্যাতন করেছে। একজন বৃদ্ধ মানুষকে অন্যায়ভাবে মেরে দুই হাত ভেঙে দিয়েছে তারা।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে বিজিবির একটি টহল দল পাঠানো হয়। টহল দল নিশ্চিত হয়েছে, বিএসএফ সদস্যরা বাংলাদেশের ১৫ গজ ভেতরে এসে এই মারধরের ঘটনা ঘটিয়েছে। পরে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছিল। এসময় এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, বিষয়টি সেক্টর কমান্ডার পর্যায়ে জানানো হয়েছে। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হবে। পতাকা বৈঠকে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএসএফ কর্মকর্তারা। আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে তার প্রতিশ্রুতিও দিয়েছে বিএসএফ। এই ঘটনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ