spot_img
spot_img

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন শামা ওবায়েদ

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। এ সময় তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা টেকসই করতে আলজেরিয়া থেকে সার আমদানিসহ সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

এ সময় আলজেরিয়ার বাজারে বাংলাদেশের পরিবেশবান্ধব ও পচনশীল পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান জানান।

সাক্ষাতকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। তিনি জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ