spot_img
spot_img

বিভাগীয় শহরেই মিলবে ক্যান্সার চিকিৎসা, স্থাপন করা হবে মলিকিউলার বায়োলজি ল্যাব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসার ও ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বাড়াতে জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) এ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছেন। অথচ ক্যান্সার এখন আর মরণব্যাধি নয়। বিশেষ করে স্তন ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার খুবই কম এবং রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।

নির্দিষ্ট বয়সী নারীদের জন্য নিয়মিত স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট বয়সী নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং কর্মসূচি চালু করতে হবে। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের ঝুঁকি বা লক্ষণ একেবারে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব।

বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. আরিফুর রহমান। সংগঠনটির গত বছরের কার্যক্রম ও সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন বিএসবিসিএসের সাধারণ সম্পাদক ডা. অরুণাংশু দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইসমাইল জাতোই এবং অধ্যাপক ডা. ডন এস. ডিজন। এ ছাড়া বিএসবিসিএসের পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. এম. এ. হাই ও অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ