পবিত্র জুমু’আ শেষে দেশজুড়ে খুনি ও স্বৈরাচারী আসাদ পরবর্তী স্বাধীন সিরিয়ার বিজয় উদযাপন করলো দেশটির জনগণ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমু’আ শেষে দেশটির লক্ষ লক্ষ নাগরিককে দেশজুড়ে বিজয় উদযাপন করতে দেখা যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খুবই উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই সিরিয়ার লোকজন জুমু’আ আদায় ও জুমু’আ পরবর্তী বিজয় উদযাপনের লক্ষ্যে স্থানীয় জামে মসজিদে আবার অনেকে উমাইয়া বড় জামে মসজিদ খ্যাত দামেশকের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে সমবেত হতে থাকেন।
হালব বা আলেপ্পো, রাক্বা, হিমস, হামাহ, দিয়ারুজ জুর, দির’আ সহ প্রতিটি শহর থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে ৭ম শতাব্দীতে উমাইয়া খলিফাদের দ্বারা নির্মিত দামেশকের ঐতিহাসিক উমাইয়া মসজিদে। লক্ষাধিক মুসল্লিকে নিয়ে এতে জুমু’আ পড়ান দেশটির অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পাওয়া মুহাম্মদ আল বশির। যিনি একই সাথে পেশাদার ইঞ্জিনিয়ার ও শরীয়াহ আইনের ডিগ্রিধারী ফকিহ।
জুমু’আ শেষে দামেশকের উমাইয়া চত্বর সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ও প্রতিটি সড়কে লোকজনকে অবস্থান নিয়ে বিজয়ের আনন্দ উৎসব করতে দেখা যায়। তারা বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। ছন্দে ছন্দে গাইতে থাকেন এই সংগ্রামে শহীদ হওয়া বিভিন্ন বীরদের বীরত্ব ও বিজয়গাঁথা।
এর আগে বাদ ফজর জাতির উদ্দেশ্যে বার্তা দেন আসাদ সরকার ও ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সশস্ত্র সংগঠন তাহরিরুশ শামের প্রধান আহমদ আশ-শরা’ বা আবু মুহাম্মদ জুলানী।
বার্তায় সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজকের পবিত্র জুমু’আর দিনে লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সকলের প্রতি আহবান থাকবে তারা যেনো উদযাপনের লক্ষ্যে গুলি ছোড়া থেকে বিরত থাকেন। দুষ্কৃতিকারীদের বিশৃঙ্খলা ও সহিংসতার সুযোগ না দেন।
সূত্র: আল জাজিরা










