শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভোটে হারলেও সংসদের উচ্চকক্ষে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও, জাতীয় সংসদের উচ্চকক্ষে (সিনেটে) তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১ শতাংশ। এই হিসেবে উচ্চকক্ষে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলটির একাধিক সূত্র থেকে জানা যায়, সম্ভাব্য তিন সদস্যের তালিকায় সবার ওপরে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলীয় আলোচনায় তার নামই সবচেয়ে জোরালোভাবে রয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে না-ও যেতে পারেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ