সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় জনিক মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে।
সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্টে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার আগে তিনি ইন্তেকাল করেন।
সূত্রে জানা যায়, রবিবার (১৩ মার্চ) রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। আজ সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে তাকে ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ও নুর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি এখনও কেউ পুলিশকে জানায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।









