spot_img

সম্মানী ভাতাকে নিয়ন্ত্রণের মাধ্যম বানালে হিতে বিপরীত হবে: মুফতী ফয়জুল করীম

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য চালু করা সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে ব্যবহার না করা হয়—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম। তিনি বলেন, ভাতাকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানানো হলে তা উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ধর্মীয় আলেম-ওলামা ও অন্যান্য ধর্মীয় যাজকদের সম্মানিত করা হয়েছে, এতে তারা আনন্দিত। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর কথাও উল্লেখ করেন তিনি। তবে তিনি বলেন, এই সম্মানী ভাতা যেন কোনোভাবে ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণের মাধ্যম হয়ে না ওঠে।

তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের মর্যাদা তখনই বাড়বে যখন তারা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবেন। কোরআন ও হাদিসের পরিপন্থী নয়—এমন বক্তব্য দিতে গেলে যেন তাদের কোনো বাধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় ইমাম ও মুয়াজ্জিনদের চাকরি থেকে অপসারণের ক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ