বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে, সে লক্ষ্যে কাজ চলছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন—পুলিশকে সৎ, মানবিক ও জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে পুলিশের প্রয়োজনীয়তা রয়েছে—শিশুর জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে। তাই পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আসন্ন ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার কথাও উল্লেখ করেন আইজিপি। তিনি বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও টহল জোরদার করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি গাজীপুরকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।










