spot_img

যত দিন আওয়ামী লীগ থাকবে, ততদিন পহেলা বৈশাখ উদযাপন করা হবে: ওবায়দুল কাদের

বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন পহেলা বৈশাখ উদযাপন করবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাঙালির অতীত ইতিহাসের ঐতিহ্য যা কিছু আছে বাংলাদেশ আওয়ামী লীগ তার সঙ্গে এখনো যুক্ত আছে, ভবিষ্যতেও থাকবে। পহেলা বৈশাখের সঙ্গে সংঘাত যাদের তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এই অশুভ অপশক্তি প্রতিহত করতে হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাঙ্গালির জাতীয় সংস্কৃতির ঐতিহ্যের অংশ এই পহেলা বৈশাখ। বিলম্বে হলেও আন্তর্জাতিকভাবে আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশিষ্ট্যমণ্ডিত দিন সেটা আজ স্বীকৃতি পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য এটা সুখবর।

তিনি বলেন, করোনা মহামারির কারণে কয়েক বছর আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারিনি। পুরোনো ঐতিহ্যের কথা স্মরণ করে আমরা আজ বাহাদুর শাহ পার্কে মঙ্গল শোভাযাত্রা করছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই দিবসগুলো আমাদের অস্তিত্বের ঠিকানা। এই অনুষ্ঠান কে পালন করলো, আর কে করলো না- তা নিয়ে আমাদের তাকানোর সময় নেই।

তিনি বলেন, যে চেতনায় আমরা বিশ্বাস করি, যে চেতনা আমাদের ইতিহাসের অংশ, আমরা যা বিশ্বাস করি তা উদযাপন করবো। আজকের এই দিন আত্মপরিচয় অনুসন্ধানের দিন। অন্যদিকে এই দিনটি অসাম্প্রদায়িকতার মর্ম বাণী প্রচার করার দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ