মাওলনা রাবে হাসান নদভীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে ফিলিস্তিন ওলামা পরিষদ।
শুক্রবার (১৪ এপ্রিল) এই বিশ্ববিখ্যাত আলেমের ইন্তেকালে একটি শোক বার্তা দেয় ফিলিস্তিনি আলেম-ওলামাদের সংগঠনটি।
শোক বার্তায় সূরাতুল ফাজরের ২৭-৩০ নং আয়াত ও হামদ-সালাত উল্লেখ করে বলা হয়, ফিলিস্তিন ওলামা পরিষদের কাছে পুরো বিশ্ব ও হিন্দুস্তানের অন্যতম বিজ্ঞ আলেম এবং নদওয়াতুল উলামার প্রধান শাইখ মুহাম্মদ রাবে হাসান নদভীর ইন্তেকালের বেদনাবহ সংবাদটি পৌঁছেছে। যিনি তার বর্ণাঢ্য ইলমী, দাওয়াতী ও দ্বীনী খেদমত শেষে চিরসত্য গন্তব্যে পৌঁছেছেন। এতে রয়েছে ধৈর্যধারণের বিনিময়ে সাওয়াব প্রাপ্তির দিকনির্দেশনা। আমরা মরহুমের পরিবার, আত্মীয়স্বজন, শিষ্যের পাশাপাশি হিন্দুস্তান ও মুসলিম বিশ্বের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
শোক বার্তায় আরো বলা হয়, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেনো তাকে নিজের বিস্তৃত রহমতের চাদরে আবৃত করে নেন। তাকে আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকীন, শুহাদায়ে কেরাম ও সালিহীনদের সাথে জান্নাতুল ফিরদাউসের উঁচু স্তরে রাখেন। তার পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন ও সঙ্গী-সাথীদের সবরে জামিল নসিব করেন। নিশ্চয় প্রার্থনাকারীদের জন্য তিনিই (আল্লাহ তা’আলা) সবচেয়ে দয়ালু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।











