বাংলাদেশ খেলাফত আন্দোলনে মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন, মাহে রমজান একটি পবিত্র মাস। কুরআন নাজিলের মাস। মঙ্গল শোভাযাত্রার নামে বেলাল্লাপনা মাহে রমজানকে অপবিত্র করা হয়েছে। ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে বর্ষবরণ নামে হিন্দুয়ানি সংস্কৃতি আমদানি বরদাশত করা হবে না।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জ গাউছিয়া মুন্সি কমিউনি টি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, কুরআন-হাদীস চর্চার মাধ্যমে নতুন ্ প্রজন্মের সামনে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের কুরআন, ইসলাম ও নীতি-নৈতিকতার শিক্ষা দিলে সর্বস্তরের জনগণের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। সমাজ থেকে মাদক, ধর্ষণ, ছিনতাই, খুন-গুমসহ সকল অনৈতিক কার্যকলাপ দূর হবে। তিনি বলেন, কুরআন তিলওয়াত ও ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বিশেষ করে ধর্মীয় জ্ঞান না থাকায় তরুণ প্রজন্ম বেপরোয়া হয়ে উঠছে। অনৈতিক কার্যকলাপ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার সবস্তরে কুরআন – হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা আমীর আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এহতেরামুল হক উজানী, মুফতী শিহাব উদ্দিন কাসেমী, মুফতী রেজাউল করিম, হাফেজ মাওলানা আবু ইউসুফ, মুফতী মুশফিকুর রহমান জামাল রশিদী প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি স্থাপন করতে হলে জনসাধারণের মধ্যে ইসলামের সঠিক আদর্শ ও অনুশাসনের ব্যাপক প্রচার-প্রসার এবং অনুশীলনের কোন বিকল্প নেই। তিনি শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি কুরআন সুন্নাহর আলোকে খেলাফত পদ্ধতির শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।










