প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, যেসব প্রতিশ্রুতি দেওয়া হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। কোনো কথার ফাঁকি থাকবে না। আমাদের ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি রয়েছে, সবই বাস্তবায়ন করা হবে। সবার জন্য এ ধরনের সেবা উন্নয়নশীল কোনো দেশে আগে নেওয়া হয়নি। এটি বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশ্বের ক্ষেত্রেও একটি নতুন ঐতিহ্য ও নতুন ধারা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের কোনো সরকার এখন পর্যন্ত ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি শেষ হওয়ার আগেই এত কর্মসূচি বাস্তবায়ন করেনি। এত জনকল্যাণমূলক কাজও কোনো সরকার আগে করেনি। আমরা সংহতি ও সহমর্মিতার ভিত্তিতে সব ধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়েছি। সেই কারণে আমরা ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও সম্মান জানিয়েছি। তাদের ভাতা নয়, সম্মানি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।











