spot_img
spot_img

হরমুজ প্রণালী সংকট নিরসনে আঞ্চলিক উদ্যোগের আহ্বান কাতারের

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, হরমুজ প্রণালীর চলমান সংকট সমাধানে একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ জরুরি। উপসাগরীয় রাষ্ট্রগুলো এবং যেসব দেশ প্রণালীটির ওপর নির্ভরশীল তাদের সবাইকে সমাধান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, এসব দেশকে সমস্যা না বাড়িয়ে বরং এর সমাধানের চেষ্টা করা উচিত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাজেদ আল-আনসারি হরমুজ প্রণালীর পরিস্থিতিকে অত্যন্ত জরুরি হিসেবে বর্ণনা করে একটি টেকসই সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা কোনো পক্ষ কর্তৃক হুমকির মুখে পড়া উচিত নয়। পাশাপাশি এটিকে চাপ সৃষ্টি করার উপায় হিসেবে ব্যবহার করা বা পুনরায় চালুর ক্ষেত্রে কোনো পূর্বশর্ত আরোপ করাও অগ্রহণযোগ্য। প্রণালীটি বন্ধ হয়ে গেলে এর প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না বরং বৈশ্বিক পরিসরে বিস্তৃত হবে।

তিনি আরও বলেন, প্রণালীটি পুনরায় চালু করা এবং এর বন্ধ থাকার নেতিবাচক প্রভাব কমাতে কাতার বিভিন্ন অংশীদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। চলমান আলোচনার প্রতি সমর্থন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং এটিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, সব ধরনের সংকটের সমাধান সংলাপের মাধ্যমেই হওয়া উচিত। লেবাননে চলমান যুদ্ধের অবসান এবং উত্তেজনা হ্রাসের প্রচেষ্টার প্রতিও কাতারের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে কাতার সমর্থন করে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ