ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আলাপকালে তারা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন।
মোদি বলেন, বিভিন্ন খাতে ভারত ও আমেরিকার পারস্পরিক সহযোগিতায় যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তা তারা পর্যালোচনা করেছেন। দুই নেতাই তাদের এই ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সব ক্ষেত্রে আরও শক্তিশালী করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
আলোচনায় দুই দেশের সম্পর্কের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) বর্তমান পরিস্থিতি নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত ও নিরাপদ রাখার ওপর তারা বিশেষভাবে জোর দিয়েছেন।











