ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ডামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মানববন্ধনে বলেছেন, ইসলামী দলগুলোর নাকি ফিলিস্তিন ইস্যুতে কোন মিছিল মিটিং তিনি দেখছেন না। এতে মনে হয় তার চক্ষু চিকিৎসা করানো দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তনে ইসরাইলী হামলার শুরু থেকে দলের আমীরের নেতৃত্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম অব্যাহতভাবে করে আসছে। আগামি ১৭ মে সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমীল মুফতী ফয়জুল করীম প্রধান অতিথির বক্তব্যে সরকারকে ফিলিস্তিনে সেনা প্রেরণের দাবি জানিয়েছেন। হাসান মাহমুদ সাহেবরা আন্তরিক হলে ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠিয়ে আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করুন। এছাড়াও আগামি ৩১ মে দলের আমীরের নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, জিএম রুহুল আমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান, মাওলানা আরিফুল ইসলাম।










