ভারতের পশ্চিমবঙ্গের সকল স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে ‘বন্দে মাতরম’ সঙ্গীতটি। স্কুল শুরুর সময় শিক্ষার্থীদের গাইতে হবে এই গান। একই সঙ্গে বাস্তবায়নের প্রমাণ হিসেবে সমাবেশের ভিডিও রেকর্ড করে রাখতেও বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই জেলার বিভিন্ন প্রাথমিক স্কুল শিক্ষকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজ্যের শিক্ষা দফতরের কর্মকর্তারা এই মর্মে একটি ম্যাসেজ ফরোওয়ার্ড করেছেন। সেখানেই স্কুল শুরুর আগে ‘বন্দে মাতরম’ গান বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এরপরই স্কুলগুলোতে এই বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে।
রাজ্যটির স্কুল শিক্ষা দপ্তরের জারি করা অফিশিয়াল চিঠিতে বলা হয়, প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালবেলার সমাবেশে সব শিক্ষার্থীকে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে হবে। স্কুল প্রধানদের বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা দপ্তরের চিঠি অনুযায়ী, স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, সমাবেশে যেন সব শিক্ষার্থী এই গানে অংশ নেয়। একই সঙ্গে সমাবেশের কার্যক্রম ভিডিও রেকর্ড করার কথাও বলা হয়েছে, যাতে বাস্তবায়নের প্রমাণ সংরক্ষণ করা যায়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস











