মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল।
আজ বুধবার (১৪ জুন) দুপুরের দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে আছেন।
বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয় যেসব চিকিৎসা দরকার হচ্ছে, তার ব্যবস্থা করছেন টাইম-টু-টাইম। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে।
চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গতকাল রাতে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের সব সদস্য সাবেক প্রধানমন্ত্রীকে দেখেন এবং তার বিভিন্ন পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দিয়েছেন।
বুধবার বিকেলে আবারও বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।
চিকিৎসকরা জানান, গতকাল রাতে মেডিক্যাল বোর্ডের সব সদস্য মিটিং করে বিএনপির চেয়ারপারসনের রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বর্তমানে যে চিকিৎসা চলছে সেটা চালাবে এবং কিছু নতুন ওষুধপত্র দিয়েছেন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।










