গ্রাজুয়েশন শেষ করে তরুণ শিক্ষার্থীরা যেন বেকার হয়ে বসে না থাকেন সেজন্য জব ম্যাচিং করে কারিগরি শিক্ষাকে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেজন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে।
বুধবার (১৪ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিল্প-কারখানা ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষা নীতি, কারিকুলাম প্রণয়ন ও জব ম্যাচিং করে কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা করতে পারলে শিক্ষার্থীরা কর্মবাজারে দক্ষ হয়ে ঢুকতে পারবেন। সেজন্য কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে সরকার। সে লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। সাধারণ ধারার শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেওয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকার কারিগরি শিক্ষার প্রসারে কার্যকর পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। ফলে এ খাতে নারী শিক্ষার্থীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ জনগণের কাছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরার পাশাপাশি শিক্ষা নিয়ে নিবিড়ভাবে কাজ করা সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।











