দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। বিমানবন্দরের আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইনির্ভর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল।
বেনজীর আহমেদের গ্রেপ্তারের পর তাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। স্ট্যাটাসে তিনি সাবেক এই আইজিপিকে ‘শাপলার কসাই’ হিসেবে আখ্যা দেন।
ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, ‘দ্য বুচার অব শাপলা ইজ ডান!! নেক্সট ইন লাইন…!!’ অর্থাৎ, ‘শাপলার কসাইয়ের অধ্যায় শেষ!! এবার পরবর্তী জনের পালা…!’
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুন তাকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানায় সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন সংবাদমাধ্যমে বেনজীর আহমেদের নানা অপকর্মের তথ্য প্রকাশিত হয়।
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের একাধিক সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর একে একে তার অবৈধ সম্পদ ও দুর্নীতির নানা তথ্য সামনে আসতে থাকে।
এ ছাড়া ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম অভিযুক্ত বেনজীর আহমেদ। ঘটনার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে।











