অবশেষে মালদ্বীপ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। প্রথমে সিঙ্গাপুর হয়ে সেখান থেকে তিনি যাবেন সৌদি আরবে। ধারণা করা হচ্ছে সেখানেই স্থায়ী আশ্রয় নেবেন গোতাবায়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা।
খবরে জানানো হয়, ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষ তার পরিবারসহ সৌদি এয়ারলাইনসের একটি বিমানে উঠেছেন। এটি তাকে প্রথমে সিঙ্গাপুর এবং শেষে জেদ্দাহ নিয়ে যাবে। মালদ্বীপ সরকারের এক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে এই তথ্য দিয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ মালদ্বীপ পালিয়ে যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদনের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এবং তার স্ত্রী কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দেহরক্ষীসহ মালদ্বীপে পাড়ি জমান। মূলত বুধবার খুব ভোরে বিমান বাহিনীর একটি ফ্লাইটে তাদের দেশত্যাগের সুযোগ দেওয়া হয়।
সংবাদমাধ্যম বলছে, শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য বুধবার রাতেই মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটে তিনি আরোহণ করেননি।











