spot_img
spot_img

অবশেষে ইমেইলের মাধ্যমে পদত্যাগ করলেন পালিয়ে যাওয়া শ্রীলঙ্কান প্রেসিডেন্ট

অবশেষে পদত্যাগপত্র পাঠিয়েছেন শ্রীলঙ্কার পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। বৃহস্পতিবার তিনি পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্রটি পাঠান। আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।

ডেইলি মেইল শ্রীলঙ্কার খবরে বলা হয়, রাজাপক্ষ বুধবার সন্ধ্যাতেই ইমেইলটি পাঠিয়েছিলেন। তবে এর কারিগরি বিষয়গুলো নিয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনা করা হয়। গোতাবায়া রাজাপক্ষ এর যথার্থতা নিশ্চিত করলেও এটি আইনগতভাবে বৈধ কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে। স্পিকার শুক্রবার বিষয়টি নিশ্চিত করবেন।

কলম্বো গ্যাজেটে বলা হয়, গোতাবায়া সিঙ্গাপুর পৌঁছে ইমেইলে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। সিঙ্গাপুর পৌঁছাতে দেরি হওয়ায় তার পদত্যাগপত্র পাঠাতেও দেরি হয়ে যায়।

তার পদত্যাগপত্রটি গৃহীত হলে ভারমুক্ত হবেন রনিল বিক্রমাসিংহে। তিনি তখন পুরোপুরি প্রেসিডেন্ট হয়ে যাবেন।

গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের খবরে রাজধানী কলম্বোতে জনতা উল্লাসে ফেটে পড়ছে। তারা আতশবাজি ফুটিয়ে, চিৎকার করে সেলিব্রেট করছে নিজেদের এ বিজয়কে।

সৌদি আরবগামী বিমান সিঙ্গাপুরের চ্যাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রাইভেট ভিজিটের জন্য গোতাবায়া রাজাপক্ষকে অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। এখন আশ্রয়ের অনুরোধ নেই বলে জানানো হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, গোতাবায়া আশ্রয় চাননি। তাকে কোনো আশ্রয়ও দেয়া হয়নি। সাধারণত সিঙ্গাপুর আশ্রয়ের অনুরোধ রাখে না। ফলে গোতাবায়া আসলেই কি সিঙ্গাপুরে প্রাইভেট ভিজিটের নামে অবস্থান করবেন নাকি জেদ্দা যাবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ