spot_img
spot_img

পাক-আফগান সীমান্তে সংঘর্ষে নিহত ৩

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত তোরখাম সীমান্তে ব্যাপক সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার বিকেলে আফগানিস্তানের সীমান্ত এলাকায় একটি নিরাপত্তা চৌকি স্থাপন করছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী। হঠাৎ করেই তাদের উপর সরাসরি গুলি চালায় পাক সীমান্তরক্ষী বাহিনী। পরে পাল্টা গুলি ছোড়ে আফগান সীমান্তরক্ষী বাহিনী। এভাবেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সংঘর্ষে পাকিস্তানের দুইটি সামরিক চৌকি ধ্বংস করেছে আফগান সীমান্তরক্ষী বাহিনী। তবে পাক সেনারা আফগানিস্তানের সাধারণ নাগরিকের উপর গুলি চালিয়েছে। এতে তোরখামের একজন নারীসহ দুইজন শিশু শহীদ হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়।

আব্দুল্লাহ নামে আফগান সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য জানান, আমরা নিজেদের মাটিতে একটি নিরাপত্তা চৌকি নির্মাণ করছিলাম। এ সময় পাকিস্তানিরা আমাদের উপর সরাসরি গুলি চালায়। আমরাও এর তীব্র প্রতিক্রিয়া জানাই।

স্থানীয় বাসিন্দারা জানায়, কোনও কারণ ছাড়াই মাঝেমধ্যে পাকিস্তানিরা তাদের বসতির উপর গুলি চালায়। তাদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে।

উল্লেখ্য, গোলাগুলির ঘটনার পর তোরখাম সীমান্তের সকল কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সীমান্তের উভয় পাশে রোগীসহ কয়েক শত মানুষ আটকা পড়েছে। একইসঙ্গে আটকা পড়েছে কয়েক শত মালবাহী ট্রাক।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ