ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেছেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক এবং নারীরা এখনো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানী কাবুলে বিবিসির প্রতিবেদক হাসিব আম্মারকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক, ইমারাতে ইসলামিয়ার স্বীকৃতি, সরকারের অন্তর্ভুক্তিমূলক চরিত্র এবং মেয়েদের শিক্ষা নিয়ে কথা বলেন মাওলানা মুত্তাকী।
মেয়েদের শিক্ষা নিয়ে মাওলানা মুত্তাকী বলেন, মেয়েরা মাদরাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং ষষ্ঠ শ্রেণি পর্যন্ত তাদের শিক্ষার সুযোগ রয়েছে। তবে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রয়েছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের জনগণ ইমারাতে ইসলামিয়ার প্রতি সন্তুষ্ট এবং বর্তমান সরকার সারা দেশে জনগণের সমর্থন পাচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, অনেক দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। বর্তমানে ইমারাতে ইসলামিয়ার ৪০টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট সক্রিয় রয়েছে।
ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মাওলানা মুত্তাকী বলেন, দেশগুলো আমাদের স্বীকৃতি দিচ্ছে না, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে তাদের কাছে জিজ্ঞেস করা উচিত, তারা কেন ইমারাতকে স্বীকৃতি দিচ্ছে না।
তিনি বলেন, আফগানিস্তান তার পছন্দ অনুযায়ী যেকোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে। একই সঙ্গে অনেক দেশের সঙ্গে ইমারাতে ইসলামিয়ার সম্পর্কের উন্নতি হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার বৈদেশিক সম্পর্ক ও শাসনব্যবস্থা নিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য এমন এক সময়ে এলো, যখন কাবুল বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: তোলো নিউজ










