spot_img

দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনায় দেশ ও জনগণের কল্যাণে দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের কোনো সদস্যের মাদকের সাথে কোনো ধরনের সংশ্লেষ থাকতে পারবে না। কারো যদি মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা থাকে তাহলে তাকে বেরিয়ে আসতে হবে। কোন পুলিশ সদস্যের মাদক গ্রহণ, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ির সাথে সম্পর্ক রয়েছে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নতুন নিয়মে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্যতা সম্পন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। অচিরেই পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ করা হবে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং উন্নত অনেক দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশের উপযোগী কনস্টেবল নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, শৃঙ্খলা এবং কল্যাণ এক বিষয় নয়। শৃঙ্খলাকে কল্যাণের সাথে মিলিয়ে ফেলা যাবে না। বাহিনীর শৃঙ্খলা রক্ষার বিষয়ে কোন ধরনের আপোষ করা যাবে না। কোনো পুলিশ সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণও নিশ্চিত করা হবে।

সাধারণ মানুষের প্রতি আচরণ বদলানোর আহবান জানিয়ে ড. বেনজীর আহমেদ বলেন, মানুষের প্রতি অমানবিক আচরণ করা থেকে বিরত থাকতে হবে। এজন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদলানো।

মামলা তদন্ত পুলিশের প্রধান দায়িত্ব উল্লেখ করে আইজিপি বলেন, মামলা তদন্তের মান আরও বাড়াতে হবে। তদন্তের প্রতি অত্যন্ত মনোযোগী হতে এবং তদারকি বাড়াতে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ