প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সাথে আমাদের ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ ভালো। আমরা ভারত থেকে জ্বালানি তেল আমদানি করছি। এখন থেকে জ্বালানি তেল এনে ডিপোতে রাখা হবে। এতে করে দেশের মানুষের আর্থিক জীবন ধারণ উন্নত হবে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারত থেকে পণ্য আমদানি করি। এলএনজি আমদানির ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। একেবারে শূন্য হাতে আসিনি সেটা বলতে পারি। বিষয়টি হলো আমাদের কে কীভাবে দেখছে সেটি হলো বিষয়।
তিনি বলেন, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের নির্মাণ প্রকল্পের আওতায় মোট ১৩১.৫৭ কিলোমিটার (বাংলাদেশ অংশে ১২৬.৫৭ কিলোমিটার এবং ভারতের অংশে ৫ কিলোমিটার) পাইপলাইন ভারত সরকারেরর অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ অংশের ১২৬.৫০ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ১২৫ কিলোমিটার পাইপালাইন স্থাপন শেষ হয়েছে। পাইপলাইন নির্মাণের ফলে জ্বালানি তেলের পরিবহণ ব্যয় সাশ্রয় হবে এবং সহজে, দ্রুততম সময়ে ও প্রতিকূল পরিবেশেও দেশের উত্তরাঞ্চলের রেলের চাহিদা মোতাবেক ডিজেল ভারত থেকে আমদানি করা যাবে।











