প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্মে সব ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমাদের সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন অর্থাৎ যার যার ধর্ম তার তার কাছে। অর্থাৎ ধর্ম পালনে যেন স্বাধীনতা থাকে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর হিন্দু ধর্মাবলম্বীদের ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের নবী করিম হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটাই বিশ্বাস করতেন। সকল ধর্মাবলম্বী মানুষ তাদের নিজ ধর্ম পালন করবেন। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে। তারা সবসময়ই একটা সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি করতে চায়। এটা শুধু আমাদের দেশে মুসলমান হিসেবে না, এটা সব ধর্মেই ধর্মান্ধ শেণিটা আছে। তারা সবসময় গোলমাল বা একটা কিছু করতে চেষ্টা করতে থাকে। সেক্ষেত্রে আমরা সকলে এক হয়ে যদি চলি তাহলে তারা এ ক্ষতি করতে পারবে না।
হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখানে নিজেদের সংখ্যালঘু সংখ্যাগুরু এই সংখ্যা দিয়ে বিচার করবেন না। স্বাধীন বাংলায় স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করবেন। সেই আত্মবিশ্বাসটা আপনাদের মাঝে থাকতে হবে। এটাই আমি চাই।
তিনি বলেন, আমি আপনাদের আবারও অনুরোধ করব আপনারা কখনোই নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না।











