বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির ডাক দেওয়া থেকে প্রমাণ হয়, তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সব সময় সন্ত্রাস সৃষ্টি করে, গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে। আর তা রাষ্ট্রীয় সহযোগিতা নিয়েই করছে। যার ফলে রাষ্ট্রকে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। তবে বিএনপি থেমে থাকবে না। কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই কথা একটি সময় শুধু আমরা বা অন্য দলগুলো বলত, এখন আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টির প্রধান কাদের সাহেব স্পষ্ট করে বলেছেন। এটাই বাস্তবতা, আন্তজার্তিকভাবে এটা স্বীকৃতি হয়ে গেছে, বাংলাদেশ এখন একনায়কতান্ত্রিক দেশ হয়ে গেছে। এটা গণতান্ত্রিক দেশ নয়।
তিনি বলেন, জ্বালানি তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, হত্যা হামলা ও মামলার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আগামীকাল ময়মনসিংহে একটি সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। কিন্তু ইতোমধ্যে সেখানে আওয়ামী লীগের আসল চেহারা বের হয়ে গেছে। তারা কোনো কারণ ছাড়া বিএনপির সমাবেশকে নষ্ট করার জন্য সেখানে একটি সমাবেশ ডেকেছে। এটার মাধ্যমে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে।










