সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার ঘটনায় সামান্য আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, হামলার ঘটনায় ভবনটিতে সামান্য আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে হুথিরা সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা দিয়ে এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে উল্লেখ করেছিল।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিদের জ্বালানি টার্মিনাল ও জ্বালানির মজুতকেন্দ্রে হামলা চালিয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ‘অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি’ এড়াতে বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল।
একই সময়ে সৌদি আরবের রিয়াদ প্রদেশের আল-খারজ গভর্নরেটের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা











