spot_img

‘ঢাকা শহরে বসবাসরত মানুষের সংখ্যা বিশ্বের যেকোনো শহরের তুলনায় বেশি’

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে বসবাসরত মানুষের সংখ্যা বিশ্বের যেকোনো শহরের তুলনায় বেশি। যে কারণে রাজধানীবাসীর প্রাপ্য নাগরিকসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন কিন্তু এর জন্য প্রয়োজন পর্যাপ্ত খেলার মাঠ-পার্ক, যা আমাদের নেই। ক্লিনিক-হাসপাতাল, শিক্ষা, বিনোদন কেন্দ্র, খেলার মাঠ সবকিছু আমাদের নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে কাজ চলছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বারডেম হাসপাতাল অডিটোরিয়ামে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ড্যাপে উঁচু ভবন অন্তর্ভুক্ত করতে অনেকেই দাবি তুলছেন। কিন্তু উঁচু ভবন করে শুধু মানুষ থাকলে হবে না, মানুষকে তো নিচে নামতে হবে। তাদের জন্য রাস্তাঘাট, পার্ক, মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দরকার। আমি ভবন উঁচু করলাম কিন্তু রাস্তায় যানজট থাকলো। এ উঁচু ভবন করে যানজট তৈরি করে রাস্তায় বসে থেকে আমাদের ডায়াবেটিস আরও বাড়বে। এটা সবার জন্য ক্ষতি ছাড়া উপকার নেই।

তিনি বলেন, রাজধানীতে জনসংখ্যার আলোকে মাঠ ও পার্কের সংকট রয়েছে। তবে নতুন ড্যাপে পর্যাপ্ত পার্ক ও মাঠের জন্য জায়গা নির্দিষ্ট করা আছে। ড্যাপ বাস্তবায়িত হলে এর সংকট কাটবে। এছাড়া ঢাকাকে আধুনিক দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবকিছু পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।

তাজুল ইসলাম জানান, মানুষের মাথাপিছু আয় বা সক্ষমতা বাড়ায় ভোগের পরিমাণ বেড়েছে। এতে বর্জ্য ব্যবস্থাপনা মোকাবিলা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকি দেখা দেবে। তাই সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ