spot_img
spot_img

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অভিজ্ঞতা থেকে সৌদি আরবের অনেক কিছু শেখার আছে: সৌদি মন্ত্রী

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অভিজ্ঞতাকে অগ্রগামী উল্লেখ করে এ খাত থেকে শেখার অনেক কিছু রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের প্রতিমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য বান্দার বিন ইব্রাহিম আল-খোরায়েফ। আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা সরঞ্জামের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্বেও থাকা আল-খোরায়েফ বুধবার ও বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘তুরস্ক-সৌদি আরব প্রতিরক্ষা শিল্প দিবস’-এর ফাঁকে আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড, প্রতিরক্ষা ও মহাকাশশিল্পবিষয়ক প্রতিষ্ঠান ‘সাহা ইস্তাম্বুল’ এবং সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এ আয়োজন করে। এতে দুই দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন।

আল-খোরায়েফ বলেন, আমরা প্রতিরক্ষা শিল্প খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হতে দেখছি। নিঃসন্দেহে, প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অভিজ্ঞতা অগ্রগামী এবং সৌদি আরবও এ অভিজ্ঞতা থেকে শিখতে পারে।

তিনি বলেন, অঞ্চলটি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবিলায় বিভিন্ন শিল্প খাতে নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে আমাদের ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

সৌদি আরব ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান শিল্প সম্পর্ক এবং বিস্তৃত সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি। বিশেষ করে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদবিষয়ক কৌশল চালু হওয়ার পর এবং দেশটির প্রতিরক্ষা খাতের দ্রুত বিকাশের প্রেক্ষাপটে এ সহযোগিতা আরও বেড়েছে বলে জানান আল-খোরায়েফ।

তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তুরস্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আরও বেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে দেশটি।

প্রতিরক্ষা শিল্পে দুই দেশের স্বার্থের মিলকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, এ খাতে সম্পর্ক আরও গভীর করতে উভয় দেশ যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে আগ্রহী।

আল-খোরায়েফ বলেন, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার ভিত্তি হলো পারস্পরিক স্বার্থ। বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য বেসরকারি খাতকে সক্ষম করে তুলতে দুই দেশের সরকারই কাজ করছে।

তিনি জানান, বেসরকারি খাতের অংশগ্রহণ তিনটি প্রধান বিষয়ের ওপর নির্ভর করছে।

প্রথমত, যেসব শিল্প খাতের উন্নয়ন করতে চায় রিয়াদ, সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ করা। দ্বিতীয়ত, অবকাঠামো, অর্থায়ন ও বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।

তৃতীয়ত, প্রতিষ্ঠানগুলোর জন্য চুক্তির সুযোগ নিশ্চিত করা এবং ভবিষ্যতে কী পরিমাণ চাহিদা তৈরি হতে পারে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া। এতে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের পরিকল্পনা করতে এবং উৎপাদন বাড়াতে পারবে।

প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যৎ প্রসঙ্গে সৌদি মন্ত্রী এ খাতের উন্নয়নে উন্নত প্রযুক্তি ও দক্ষ জনশক্তির গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, এ খাতের ভবিষ্যৎ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে। সামরিক ও প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, সৌদি আরব ও তুরস্ক উভয় দেশের তরুণদের মধ্যেই শক্তিশালী সক্ষমতা রয়েছে। দুই দেশের মানবসম্পদ ও শিক্ষাব্যবস্থা এ শিল্পের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে।”

আল-খোরায়েফ বলেন, সৌদি আরব বিশেষজ্ঞ জ্ঞান ও উন্নয়ন সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ এবং ‘রুকন’ কর্মসূচির ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, এসব উদ্যোগের মাধ্যমে বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, এ আয়োজনে বিপুলসংখ্যক তুর্কি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সৌদি বাজারের চাহিদা সম্পর্কে জানার এবং যৌথভাবে কাজের সুযোগ খোঁজার প্রতি তাদের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন।

বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পবিষয়ক প্রেসিডেন্সিয়াল দপ্তরের সচিব হালুক গোরগুন বলেছেন, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোরগুন বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্পে বর্তমানে ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের সম্মিলিত আর্থিক মূল্য প্রায় ১২০ বিলিয়ন ডলার।

তিনি বলেন, সৌদি আরবের সামরিক ব্যয়ের অন্তত ৫০ শতাংশ নিজস্বভাবে উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ প্রকল্প পরিচালনা করছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো। সৌদি আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ সহযোগিতা এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ