অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, সদর ইউনিয়নের উত্তরপাড়ায় সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা চলে। সিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। এর মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটি দল রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়।
এ সময় তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল যাচাই-বাছাইয়ের পর ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছয়জনের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











