spot_img

আমেরিকায় প্রতিমাসে কতজন গুম, ধর্ষণ ও খুনের শিকার হয় সেই চিত্র আমরা দেখেছি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেছেন, পিটার হাস সাহেব, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিমাসে কতজন গুম হয়, কতজন ধর্ষণের শিকার হয় ও কতজন খুন হয় সেই চিত্রটা কিন্তু আমরা সিএনএনে (মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল) দেখেছি।

তিনি বলেন, পিটার হাস সাহেব, আজ যদি দেখতাম আপনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন, সেই চিত্রটা বেশি ভালো লাগত। কিন্তু আপনি চলে গেছেন সুমনের (ঢাকা মহানগরের নিখোঁজ বিএনপিনেতা) বাড়িতে।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ ভোর বেলায় বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব সাজ্জাদুল সুমনের বাড়িতে গেলেন। ২০১৩ সালে গুম হয়েছিল। তাঁর বাড়িতে উনি গেলেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, যারা গুম নিয়ে কথা বলেন, তাদেরকে বলব—ফরহাদ মজহার সাহেব নাকি গুম। কয়েক ঘণ্টা পর দেখা গেল উনি খুলনা অভিমুখে বাসে। নিজে নিজেই চলে গেছেন, এটা কি গুম? এসব ঘটনা অনেক আছে।

তিনি বলেন, মামলা হয়েছে, খুনের মামলা, মাদকের মামলা—এখন নিজেই নিজেকে নিখোঁজ করেছে। বিএনপির এ রকম অসংখ্য কর্মী আছে। মামলা থেকে রক্ষা পেতে নিখোঁজ। চকরিয়ার সালাউদ্দিন, কত অভিযোগ তাঁর বিরুদ্ধে। সালাউদ্দিন গুম হয়ে গেলেন। নিজে নিজেই চলে গেলেন ভারত। এসব গুমের কাহিনী আপনাদের জানা উচিত মিস্টার পিটার হাস।

সেতুমন্ত্রী বলেন, এসব গুমের কাহিনী শুনিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞা আরোপ করাবেন বাংলাদেশের ওপর। মিশন ফেইলড, আমির খসরুর ওয়াশিংটন মিশন। নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছিল ২০ দেশের ৭০ জনের বিরুদ্ধে। সেখানে বাংলাদেশ নেই। বাংলাদেশ কিন্তু নেই। তবুও লবিস্ট নিয়োগ করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ