প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা ও কানাডাসহ কিছু দেশ খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত। তারা মানবাধিকার লঙ্ঘনকারীর মানবাধিকার রক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের অধিকার নিশ্চিত করে। অন্যদিকে, তাঁর সরকারের বারবার আবেদন সত্ত্বেও কিছু দেশ খুনিদের ফেরত না দিয়ে তাদের মানবাধিকার রক্ষা করতে ব্যস্ত হয়ে উঠেছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, যে খুনি আমার সেজ ফুপুর বাড়িতে গিয়ে চার বছরের সুকান্ত থেকে শুরু করে আমার ফুপুকে গুলি করেছে, ফুফাকেও হত্যা করেছে, তিনজন ফুপাতো বোনকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, সে এখন আমেরিকায়। বারবার তাদের কাছে আমরা অনুরোধ করছি ওই আসামিকে আমাদের কাছে ফেরত দেন, সে সাজাপ্রাপ্ত আসামি। সেই সাজাপ্রাপ্ত আসামিকে তারা দেয় না। কারণ, খুনির মানবাধিকার রক্ষা করছে তারা।
শেখ হাসিনা বলেন, মেজর নূর যে সরাসরি ৩২ নম্বরের বাড়িতে গিয়েছিল, সেই নূর এখন কানাডায়। কানাডা সরকারকে বারবার অনুরোধ করি, তারা ফেরত দেয় না। খুনিদের মানবাধিকার রক্ষা করতে তারা ব্যস্ত। তাহলে আমরা যারা আপনজন ও স্বজন হারিয়েছি তাদের অপরাধটা কী? সেটা আমি জাতির কাছে জিজ্ঞাসা করি। বিএনপি বা জামাত, যারা এদের জন্য হাপিত্যেশ করে কান্নাকাটি করে, তারা এর জবাব দিক।











